পাংশায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মাছপাড়া ইউনিয়নের বুড়ুরিয়া গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে পাংশা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াৎ জানান।
তিনি বলছেন, নিহত আব্দুস সোবহান খান (৪৯) এলাকার একজন ‘কুখ্যাত ডাকাত’। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, পাংশা থানার দুই পরোয়ানায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোবহানকে কলিমোহর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রাত দেড়টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বুড়ুরিয়া গ্রামের একটি আম বাগানে যায়।
“সেখানে অবস্থান নিয়ে থাকা সোবহানের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে সোবহান গুলিবিদ্ধ হয়, অন্যরা পালিয়ে যায়। পরে তাকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোবহানকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, দুটি ওয়ান শ্যুটারগান ও গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি।
