ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে একটি সংগঠন।
‘নো ভ্যাট অন এডুকেশন’ নামের এ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার তাদের স্মারকলিপি বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কার্যলয়ে জমা দেওয়া হয়।
সরকার বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর অংশ হিসেবে ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে যাত্রা করে। পুলিশ তাতে বাধা দিলে প্রেসক্লাবের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
পরে নো ভ্যাট অন এডুকেশনের প্রধান সমন্বয়ক ফারহান হাবীব, ফজলে রাব্বি খান এবং সালাউদ্দিন মিঠু রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
