২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ অগাস্ট পূর্ণদিবস কর্মবিরতি করবে চবি শিক্ষকরা

স্বতন্ত্র বেতন স্কেল ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে ৯ অগাস্ট পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

সরকার নতুন বেতন কাঠামোর ঘোষণা দেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

খসরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন দুই ধাপ নামিয়ে আনার এবং টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত বেতন কাঠামোকে ‘অবমাননাকর’ দাবি করে তিনি বলেন, “প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে ৯ অগাস্ট আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।”

একই দাবিতে ৯ অগাস্ট রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বলে জানান তিনি।

এর আগে ২৫ মে চবি ক্যাম্পাসে মানববন্ধন, ২৬ ও ২৭ মে কালো ব্যাজ ধারণ, ২৮ মে প্রেসক্লাবে মানববন্ধন, ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত তিন দিন ধরে এক ঘন্টার কর্মবিরতি এবং ৪ জুন চবি বুদ্ধিজীবি চত্বরে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এছাড়া একই দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট এবং ২৮ জুন মানববন্ধন কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।