চাচাত ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
গাছ কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাত ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁনপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান।
নিহত শরীফ খান (৫০) ওই এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, শরীফের ছোট ভাই মোশারফ হোসেন খান (৪৫), মোশারফের ছেলে বাদশা (২৫) ও রাসেল খান (২০), ভাতিজা রবিন খান (২২) ও নাসির খান (১৯)।
তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
ওসি আরও জানান, সকালে শরীফ তার বাড়ির পাশে একটি গাছ কাটতে যান। এ সময় তার চাচাত ভাই মাহবুব খান তাকে বাধা দেন।
“এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুব ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীফকে আহত করে।
“এ সময় শরীফের বাড়ির লোকজন তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে।”
স্থানীয়রা শরীফকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল নেয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
