পেয়ারা চুরির অভিযোগে শিশু নির্যাতন, যুবক দণ্ডিত
গাইবান্ধার সাদুল্লাপুরে পেয়ারা চুরির অভিযোগে শিশুকে মারধর করায় এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব এ আদালত পরিচালনা করেন।
দণ্ডিত জাহাঙ্গীর আলম তালুকদার উপজেলার হবিবুল্লাপুর গ্রামের আব্দুল মজিদ তালুকদারের ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, সকাল সাড়ে ১০টার দিকে হবিবুল্লাপুর গ্রামের মিজানুর রহমান (১২) প্রতিবেশী জাহাঙ্গীরের গাছ থেকে পেয়ারা ছিঁড়েছে। জাহাঙ্গীর বিষয়টি টের পেয়ে তাকে মারধর করে।
“এতে ওই শিশু জ্ঞান হারালে স্থানীয়রা সাদুল্লপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অভিযোগ পেয়ে বিকালে জাহাঙ্গীরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।”
বিকালেই দণ্ডিত ওই যুবককে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
