২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি রক্ষার আশ্বাস পেলেন আজাদ

যে জমি হারানোর আশঙ্কা থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে ‘হয়রানির শিকার’ হয়েছিলেন সোনারগাঁওয়ের আবুল কালাম আজাদ, তা রক্ষার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

গণভবনের সামনে আজাদের অবস্থান নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে তাকে ও তার চাচাকে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে কথা বলেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা।

আজাদের বিষয়টি জেনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদও ওই যুবকের সঙ্গে কথা বলতে চেয়েছেন। তবে কবে তাদের ডাকা হবে, সে বিষয়ে পরে জানানো হবে বলে এই যুবক জানিয়েছেন।     

আজাদদের অভিযোগ, ওই এলাকায় শিল্প কারখানা স্থাপনের জন্য অমল পোদ্দারের কাছে ১৫ শতাংশ জমি বিক্রির বায়না করেছিলেন তার বাবা আব্দুল খালেক। কিন্তু অমল আরও ৩০ শতাংশ জমি বিক্রির জন্য চাপ দিচ্ছে এবং তাতে রাজি না হওয়ায় ১৫ শতাংশ জমি বিক্রির বাকি টাকাও দিচ্ছে না।

‘জমি দখলের’ প্রতিকার চেয়ে গত রোববার প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নেওয়ার পর পুলিশের নিষেধ শুনে সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাটে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন পোশাককর্মী আজাদ।

ওই রাতে তার বাড়িতে র‌্যাব অভিযান চালায় এবং তার চাচা নুরু উদ্দিনের ছেলে সোহেলকে ধরে নিয়ে যায়। সোহেলকে ইয়াবাসহ গ্রেপ্তারের দাবি র‌্যাব করলেও আজাদের পরিবার বলছে, এটা হয়রানিমূলক।

বুধবার বিকালে জেলা প্রশাসক আনিছুর রহমানের সঙ্গে বৈঠকে জমি রক্ষার পাশাপাশি সোহেলের মুক্তির দাবি তোলেন আজাদ। তার সঙ্গে সোহেলের বাবা মুরগি ব্যবসায়ী নুরু উদ্দিনও ছিলেন।

অমল পোদ্দারের ভাস্তে বাপ্পী পোদ্দার ষড়যন্ত্র করে র‌্যাবকে দিয়ে সোহেলকে গ্রেপ্তার করিয়েছে দাবি করে চাচাত ভাইয়ের মুক্তির পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে অনুরোধ করেন আজাদ।

তবে জেলা প্রশাসক আনিছুর মামলার বিষয়ে কিছু করতে পারছেন না বলে জানিয়েছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, “র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক আমাকে বলেছে, তারা মেট্রো নিটওয়্যারের অমল পোদ্দারকে চেনেন না। অমল পোদ্দার তাদের কাছে কোনো অভিযোগ দেননি। গত এক মাস ধরে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে ৩২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন।”

পঞ্চমী ঘাটে চার দিকে টিনের প্রাচীর ঘিরে অমল পোদ্দারের যে কারখানা নির্মাণের কাজ চলছে, সেই সীমানার মধ্যে আজাদদের ১৫ শতাংশ জমি রয়েছে, দেড় বছর আগে যার বায়না করে ৫ লাখ টাকা নিয়েছিলেন আজাদের বাবা খালেক।

ওই সীমানা প্রাচীরের বাইরে ১১ ও ১৯ শতাংশের আরও দুটি জমি রয়েছে আজাদদের। সেই জমি বিক্রি না করলে ১৫ শতাংশ জমি বিক্রির টাকা অমল দিচ্ছেন না বলে আজাদের অভিযোগ, যদিও অমল সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

জেলা প্রশাসক আনিছুরের সঙ্গে বৈঠকে আজাদ বায়না করা ১৫ শতাংশ জমি বিক্রির সিদ্ধান্ত বদলের কথা জানিয়ে তা ফেরত পাওয়ার জন্য পদক্ষেপ চেয়েছেন।

Image
প্রাচীর ঘেরা এই জমিতে চলছে অমল পোদ্দারের কারখানার কাজ, যার ভেতরে আজাদদের ১৫ শতাংশ জমি রয়েছে।

প্রাচীর ঘেরা এই জমিতে চলছে অমল পোদ্দারের কারখানার কাজ, যার ভেতরে আজাদদের ১৫ শতাংশ জমি রয়েছে।

তবে জেলা প্রশাসক তাতে সাড়া না দিয়ে ওই জমি বিক্রির বাকি ১৯ লাখ টাকা যে কোনো সময় নামজারি ছাড়াই আম মোক্তারনামা দিয়ে আজাদের পরিবারকে আদায় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সেই সঙ্গে তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, “যে জমি আজাদরা অমল পোদ্দারের কাছে বিক্রি করতে রাজি নয়, সেগুলো তাদেরই থাকবে। এ ব্যাপারে প্রশাসন তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেবে। তাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ তাদের জমি নিতে পারবে না, সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে।”

এসব প্রতিশ্রুতি দিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজাদকে চিন্তা-ভাবনা করতে বলেছেন জেলা প্রশাসক। তাদের সার্বিক নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে অমল পোদ্দারের সঙ্গেও কথা বলেছেন বলে জানান আনিছুর। তিনি আরও বলেন, সামগ্রিক বিষয় জানিয়ে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদনও পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, আজাদদের সমস্যার বিষয়টি তারা জানতেন না। জানলে আগেই পদক্ষেপ নিতেন।

“কেউ আমাকে বা সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশকেও বিষয়টি জানাননি। তারা শুধু সাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছিলেন। আমাদেরকে আগে জানালে আগেই ব্যবস্থা নেওয়া হত।”

Image
সীমানা প্রাচীরের বাইরের এই জমিও অমল পোদ্দার চাইছেন বলে আজাদদের পরিবারের অভিযোগ

সীমানা প্রাচীরের বাইরের এই জমিও অমল পোদ্দার চাইছেন বলে আজাদদের পরিবারের অভিযোগ

তবে সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রশিদ মোল্লা দাবি করেছেন, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূইয়াকে গত মাসে জানিয়েছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অমল পোদ্দারের সঙ্গে কয়েক দফা সালিশে বসেছিলাম। কিন্তু তারা আমাদের সালিশ মেনে নেয়নি। এরপর ইউএনওকে ২০/২৫ দিন আগে জানানো হয়েছিল। কিন্তু ট্রেনিং থেকে এসে বিষয়টি দেখবেন বলে আমাদেরকে জানান তিনি।

“এর মধ্যে অমল পোদ্দারের লোকজন বালু ভরাট ও ইয়াবা দিয়ে নিরীহ সোহেলকে র‌্যাব দিয়ে গ্রেপ্তার করিয়েছে। তাদের টাকা আছে, তারা টাকা দিয়ে যা খুশি তাই করতে পারে।”

আজাদ বলেন, তাদের ১১ শতাংশ জমি দখলের চেষ্টা হলে তার বাবা সোনারগাঁও থানায় অমল পোদ্দারের বড় ভাই প্রদীপ পোদ্দার ও তার ছেলে বাপ্পী পোদ্দারের নামে লিখিত অভিযোগ করেন।

“অভিযোগের পর তারা ওই দখল ছেড়ে দিয়েছিল। কিন্তু এরপর আবার আমাদের ওই জমির উপর দিয়ে ড্রেজার পাইপ বসিয়ে তা বিক্রি করার জন্য চাপ দিচ্ছিল।”

অমল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমি এলাকার লোকজন থেকে তাদের বেশি দামে জমি কিনে নিয়েছি। কারও এক ফোঁটাও জমিও জোর করে নেওয়া হয়নি বা ভরাট করা হয়নি।”

পুরনো খবর:

গণভবনের সামনে দাঁড়িয়ে থাকতে পারল না যুবক
গণভবনের সামনে দাঁড়ানো যুবকের ভাই গ্রেপ্তার
র‌্যাব বলছে মাদকসেবী; বিশ্বাস করে না এলাকাবাসী