‘বিলুপ্ত ছিটমহলে’ মুক্তিযোদ্ধার ‘লাশ ফেলার’ হুমকি
জমি নিয়ে সংঘর্ষের পর এবার একই ধরনের বিরোধে কুড়িগ্রামের অংশ হওয়া সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা এক মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার অন্তর্ভুক্ত হওয়া ছোটগাড়লজোড়া-২ ‘ছিটের’ অধিবাসী মো. সুলতান হোসেন জানিয়েছেন, নিজের ‘কেনা’ জমি থেকে তাকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভুরুঙ্গামারীর বাসিন্দা নজরুল ইসলাম ওরফে নজরুল ম্যানেজার ওই ছিটের বেশ কিছু জমির মালিক। ছিটমহলে জমি থাকলেও সেখানে নজরুলের কোনো ঘর ছিল না।
ফলে ছিটমহল বিনিময়ের আগে করা জনজরিপে নজরুল পরিবারকে ছিটবাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। ছিটবাসীদের জন্য প্রযোজ্য সুযোগ-সুবিধাও তিনি পাচ্ছেন না।
সুলতান জানান, বেশ কয়েক বছর আগে নজরুলের কাছ থেকে তিনি ১৪ শতক জমি কেনেন। কিন্তু ছিটমহলের জমি হওয়ায় কোনো কাগজপত্র করা হয়নি, নজরুলও তা দেননি।
ওই জমি কেনা বাবদ নজরুলকে টাকাও দিয়েছেন সুলতান, যা নজরুল নিজেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন।
সুলতানের অভিযোগ, ওই জমিতে তার তোলা ঘর নজরুলদের হিসেবে দেখানোর জন্য তাকে চাপ দেন নজরুলের ভাই রায়হান। সেই সঙ্গে তাকে একটি সেচপাম্প ও বিদ্যুতের লাইনও নিতে বলে ওই পরিবার, যা তারা ব্যবহার করতে চায়।
এসব প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি দেওয়া হচ্ছে বলে সুলতানের অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার কাছে ওরা পাম্প চায়, ঘর চায়। না দিলে লাশ ফালানোর হুমকি দেয়।”
স্থানীয়রা জানান, গত ৩১ জুলাই ছিটমহল বিনিময়ের দিন খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। সেদিন খাওয়া-দাওয়ার পর রায়হান বলেছিলেন, ‘এখন ছিটে লাশ পড়বে’।
সুলতান বলেন, “আমি মাইনষের বাড়ি বাড়ি আছিলাম। শরীরের রক্ত পানি কইরা আমি উচিত টাকা দিয়া আমি ১৪ শতক জমি কিনছি। এখন কয়ডা ঘর তুইল্যা রাখছি। যার কাছ থেইকা জমি নিছি, সে লিখিত দিব বলছে, কিন্তু দেয় নাই।”
ওই জমিতে নিজের একটি, দুই ছেলের দুটি ঘর, রান্নাঘর এবং একটি খড়ির ঘর তুলেছেন সুলতান।
তিনি বলেন, “নজরুল ম্যানেজার আমারে কয়, তুমি আমারে একটা ঘর দেও, আমি জমি উদ্ধার করি। আমি তারে না কইয়া দিছি। পরে আমার নামে পাম্প করতে চাইছে। আমি মানা করার পর তারাই আমার নামে নিয়া নিছে। এহন বিল বাকি পড়লে তো আমারই দিতে হইব।”
গত বুধবার রাতে জামাল উদ্দিন নামে এক ব্যক্তির রান্নাঘর আগুনে পুড়ে যাওয়ার পর সুলতানের মতো ছোটগাড়লজোড়ার অনেকের শঙ্কা বেড়ে গেছে।
‘লাশ ফেলার’র হুমকির বিষয়টি অস্বীকার করে নজরুল ইসলাম বলেন, “না না, এটা হয় নাই। আমরা তো ওইখানেই ছিলাম। এমন কিছু হয় নাই।
“আমরা জায়গা দিলাম ওগোরে। আমরা ওগো লাশ ফালামু কেন। ওগোরে ভালোবেসে আমরা জমি দিছি। সুলতানের টাকা গত বছর আমাকে দিয়া শেষ করল। বাড়ি তুলছে ৭-৮ বছর হইছে। কেন ওগো লাশ ফালাইতে যাব?”
ঘর নেওয়ার জন্য সুলতানের ওপর চাপ সৃষ্টির কথা প্রথমে অস্বীকার করলেও নজরুল পরে বলেন, “আমরা সুলতানকে বলছিলাম, যদি কোনো তদন্ত আসে সেইজন্য একটা ঘর তুমি আমার নামে দেখাইও, এই টুকুই।”
আর সেচপাম্প নিয়ে ‘ঝামেলা’ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমি তাকে বলছিলাম, তার নিজের নামে যেন একটা পাম্প নেয়। সুলতান না করছে। শেষ ওইখানেই।”
নজরুল ইসলাম জানান, ছোটগাড়লজোড়া-২ এ মোট ৫২ বিঘা জমির মধ্যে মৃত কামাল কন্ট্রাক্টরের ১৩ বিঘা, মৃত আলী আসগর মুন্সীর ১৩ বিঘা জমি রয়েছে।
তিনি দাবি করেন, ১৯৫৮ ও ১৯৬১ সালে তার বাবা তাজ মোহাম্মদ তার নামে সাড়ে ১৮ বিঘা জমি কিনেছিলেন, যার মধ্যে তিনি কিছু জমি মুখে মুখে ছিটের কয়েকজন বাসিন্দার কাছে বিক্রি করেছেন।
“আমার কিছু জমি আসগর মুন্সীর জমির মধ্যে গেছে। সেই জমিটা আমি ফেরত চাই। আর মুখে মুখে যাদের কাছে জমি বিক্রি করছি, তাদের দলিল দিয়ে দিব,” বলেন নজরুল ম্যানেজার।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভুরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবিব বলেন, “উনার বাসায় আমি গিয়েছি। হুমকি পাওয়ার বিষয়ে আমাকে কিছু বলেননি। উনি আমাদের জানালে অবশ্যই ব্যবস্থা নিতাম।”
এই ছিটবাসীর নেতা মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক ছিটবাসীর মতো মুক্তিযোদ্ধা সুলতানকেও সরকারি সুবিধা পাওয়ার জন্য ভিন্ন ঠিকানা ব্যবহার করতে হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে তার ভাতাও আসত বাংলাদেশের একটি ঠিকানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ বলেন, “আমরা এখন নাগরিকত্বের বিষয়টা নিয়ে কাজ করছি। জমির বিষয়টা নিয়ে কাজ শুরু করিনি। নিরাপত্তার বিষয়ে আমরা কাজ করার দরকার হয়নি। উনি (সুলতান) যদি আমাকে (হুমকির বিষয়ে) জানান, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।”
গত ১ অগাস্ট প্রথম প্রহরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হওয়ার একদিনের মাথায় কুড়িগ্রামের ফুলবাড়ির দাশিয়ারছড়ায় জমির দখল নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হন।
পরদিন ভূমি সচিব শফিউল আলম বলেন, কোনো আপত্তি না উঠলে ছিটমহলের জমি যার দখলে থাকবে মালিকানা তারই হবে।
