২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্র হত্যার দায়ে গৃহকর্মীর মৃত্যুদণ্ড

গৃহকর্তার ছেলেকে হত্যার দায়ে গৃহকর্মীর ফাঁসির দণ্ড দিয়েছে রংপুরে একটি আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 06:19 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন।

দণ্ডিত বন্দে আলী (৫০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা মাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, কুড়িবিশ্বা মাটিয়াপাড়া গ্রামের বলরাম চন্দ্র রায়ের বাড়িতে কাজ করতেন বন্দে আলী ।

২০১৩ সালের ২০ ডিসেম্বর রাতে বন্দে আলী গরু চুরির সময় তা দেখে ফেলে বলরাম চন্দ্রের ছেলে দশম শ্রেণিতে পড়ুয়া রতন চন্দ্র রায়। পরে রতন বিষয়টি পরিবারে জানালে বন্দে আলীকে তার বাবা বাড়ি থেকে বের করে দেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, এই আক্রোশে একই বছরের ২২ ডিসেম্বর  রাতে রতনকে গলা কেটে হত্যা করে  বন্দে আলী। পরদিন বাড়ির পাশে ধানক্ষেত থেকে রতনের লাশ উদ্ধার করে পুলিশ।

অ্যাডভোকেট ফারুক বলেন, ওইদিনই বন্দে আলীর বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেন রতনের বাবা।

মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার এসআই ফরিদ উদ্দিন  জানান, গত বছর ২০ জুলাই বন্দে আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পত্র দেয় পুলিশ।