২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবিউলকে হত্যার স্বীকারোক্তি মিরাজের

বরগুনায় শিশু রবিউল আউয়ালকে হত্যায় গ্রেপ্তার মিরাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 05:29 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

পুরনো খবর:

বরগুনায় শাবলের আঘাতে শিশু খুন

বৃহস্পতিবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্তি বিশ্বাসের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান তালতলী থানার ওসি বাবুল আকতার।

মিরাজ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া স্বীকারোক্তিই আদালতে পুনরাবৃত্তি করেছেন বলে ওসি জানান।

মঙ্গলবার বিকালে তালতলী উপজেলার আমখোলা গ্রামের খালের পাড় থেকে রবিউল আউয়ালের লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার শিশুটির বাবা থানায় মামলা করার পর পুলিশ প্রধান আসামি মিরাজকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া স্বীকারোক্তি উদ্ধৃত করে ওসি বাবুল আকতার  বলেন, “সোমবার রাতে রবিউল তার জালের মাছ চুরি করতে গেলে তিনি খেজুর গাছের ডাল দিয়ে রবিউলকে আঘাত করেন। ডালটি ভেঙে গেলে হাতে থাকা টর্চ লাইট দিয়ে দ্বিতীয়বার আঘাত করেন।

“এরপর রবিউল দৌড় দিলে তিনিও ধাওয়া করেন।

“এক পর্যায়ে রাস্তার পাশের একটি তাল গাছে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে রবিউল। কিছু সময়ের মধ্যে তার মৃত্যু হলে লাশ খালে ফেলে দেন মিরাজ।”

রবিউল আউয়াল (১১) তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রামের দুলাল মৃধার ছেলে। স্থানীয় ফরাজি বাড়ি দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। 

মিরাজ একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।