২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় ডাকাতির পর গণপিটুনিতে নিহত ১

গাজীপুরের কাপাসিয়ায় তিন বাড়িতে ডাকাতির ঘটনার পর ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 10:07 AM

Updated : 22 Aug 2022, 12:58 PM

নিহত শামীম (৩৮) ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন পাচা হাজার এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। 
তার বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া, কালিগঞ্জ ও ময়মনসিংহের পাগলা থানায় ডাকাতি ও সন্ত্রাসের ১৮টি মামলা রয়েছে বলে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা আমড়ি খাল এলাকায় এ ঘটনা ঘটে। 

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হোসনে আরা বেগম জানান, ১৫/১৬ জন ডাকাতের একটি দল রাত আড়াইট থেকে ভোর পর্যন্ত ওই এলাকায় বাদল, মকবুল ও জামাল উদ্দিনের বাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি করে।

“অস্ত্রধারী ডাকাতরা প্রথমে বাদলের বাড়ি হানা দেয়। সেখানে তারা বাদলকে ও তার স্ত্রীকে মারধোর করে এবং ঘরে থাকা স্বার্ণালঙ্কার লুট করে। পাশের মকবুলের বাড়িতে হামলা চালিয়ে ১০ হাজার টাকা ও সোনার গয়না নেয়। সবশেষে জামালের বাড়ি থেকে আট হাজার টাকা ও অলঙ্কার লুট করে।”

এ সময় ডাকাতদের লাঠির আঘাতে জামালের পা ভেঙে যায় বলে হোসনে আরা জানান।

তিনি বলেন, “ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় জামাল চিৎকার করলে প্রতিবেশীরা একজোট হয়ে ধাওয়া করে। পরে আমড়ি খালে একজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

কাপাসিয়ার ওসি আহসান উল্লাহ বলেন, “নিহত শামীমের গলায় ছোট একটি টর্চলাইট ফিতায় ঝোলানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে এই ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

ডাকাতদের পিটুনিতে আহত জামালকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইউপি সদস্য হোসনে আরা জানান।