নিম্নমানের কাজে মহাসড়ক নির্মাণ শেষ হচ্ছে না: গণপূর্তমন্ত্রী
নিম্নমানের কাজের কারণে দেশের মহাসড়কগুলোর নির্মাণ শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পে একদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে, অন্যদিকে ভেঙে যাচ্ছে। নতুন রাস্তা তৈরির পর আবার ওই কোম্পানিকে ভাঙা রাস্তা মেরামতে ব্যস্ত হতে হচ্ছে। এভাবে দেশের মহাসড়কের কাজ শেষে হচ্ছে না।”
‘অত্যন্ত নিম্নমানের’ কাজের কারণে এমনটি হচ্ছে বলে মনে করেন তিনি।
রোববার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খাতভিত্তিক পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।
চলতি মাসে বাস্তবায়ন শুরু হওয়া সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অবকাঠামো উন্নয়ন কৌশল নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জিইডি সদস্য ড. শামসুল আলম।
পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, “ভিয়েতনামের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৪ হাজার মেগাওয়াট। আগামী ৫ বছরে তারা সেটা ৭২ হাজার মেগাওয়াটে উন্নীত করবে। অন্যদিকে ভারত ২ লাখ ৭৪ হাজার থেকে সাড়ে ৫ লাখ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।
“আমাদেরও একই গতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। এজন্য ২০২১ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে।”
সময়মতো প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ প্রকল্পগুলো শেষ করা না গেলে ব্যয় বেড়ে যাবে। এটা অপচয় ছাড়া আর কিছু নয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, “পাঁচ বছর আগেও কোথাও গেলে সবাই বলত রাস্তা করে দেন। আর এখন বলে পাঁচটা বিদ্যুতের খুঁটি লাগিয়ে দেন। অবশ্য এটা নির্দেশ করে দেশ এগুচ্ছে।”
ভারী যানবাহন চলাচলের কারণে বাংলাদেশে সড়কগুলো কম সময়ে নষ্ট হয়ে যায় মন্তব্য করে তিনি বলেন, এজন্য অতিরিক্ত ভারী ট্রাক চলাচল বন্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। কোন সড়কে কত টন পণ্যবাহী যান চলাচল করতে পারবে তার একটি মাত্রা নির্ধারণ করতে হবে।
ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিভাগের পানি সংরক্ষণ বাড়ানোর উপর গুরুত্ব দেন মন্ত্রী। এজন্য নদীগুলোর নাব্য বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর কথা বলেন তিনি।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “পূর্বাচলকে স্মার্ট সিটিতে রূপান্তর করা হবে। পাশাপাশি সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য আবাসন নিশ্চিত করা হবে। এজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। অব্যবহৃত সরকারি জমিতে এ আবাসন নির্মাণ করা হবে।”
প্রতিবছর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “বর্তমানে বেশিরভাগ বিদ্যুৎ আসে তরল জ্বালানিভিত্তিক উৎস থেকে। কিন্তু ভবিষ্যতে আমরা কয়লাভিত্তিক বিদ্যুতের দিকে অগ্রসর হচ্ছি। ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কয়লার মাধ্যমে উৎপাদনের লক্ষ্য রয়েছে।
“এজন্য আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকেও কয়লা উত্তোলন বাড়াতে হবে।”
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের সিংহভাগই ব্যবহৃত হয় শহরাঞ্চলে। বর্তমানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ করে। আর ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ হলে আরইবির চাহিদা পূরণ হবে।
“২০১৮ সালের মধ্যে পল্লী এলাকার ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।”
