রিমান্ডে আনিস-সালমানসহ ৫ জন, নতুন মামলায় গ্রেপ্তার তাজুল, সরওয়ার
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম এ আদেশ দেন।
জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম এ আদেশ দেন।
যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
একই থানার রিটন উদ্দিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তবে যাত্রাবাড়ী থানায় করা রাসেল হত্যা মামলায় তার রিমান্ড আবেদন নাকচ হয়েছে।
পল্টনে বিএনপির মহাসমাবেশে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
আনিসুল হক, শাজাহান খান, সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পিবিআইয়ের এসআই আমিরুল ইসলাম মীর। মনুর বিরুদ্ধে দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা পিবিআই।
আর সোহাইলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই বিমান তরফদার।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। সোহাইলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
শাজাহান খানের পক্ষে তার আইনজীবী আরিফ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আনিসুল হক এবং সালমান এফ রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
পল্টন থানার রমজান মিয়া জীবন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে এবং মোহাম্মদপুর থানার হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান (বাদশা) কে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম তাজুল এবং সরওয়ার জাহানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।
