১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের

সজীব হেলমেট না পড়ে হাতে রেখেছিল, পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 12:13 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গর্তে পড়ে এক তরুণ মারা গেছেন।

বুধবার রাতে রমনা কালী মন্দিরের গেইটের কাছের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

নিহত ২৪ বছর বয়সী মো. সজীব স্টেডিয়াম মার্কেটে খেলাধুলার সামগ্রীর দোকনে কাজ করেন; তিনি থাকতেন ডেমরার সারুলিয়া সুকুরশী এলাকায়।

পরিদর্শক ফারুক বলেন, “মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে বাইকে থাকা সজীব ও তার বন্ধু নিশান আহত হন। সঙ্গে আরেক মোটরসাইকেলে থাকা তাদের বন্ধু মোজাহিদ তাদেরকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ২ টা ২০ মিনিটে সজীবকে মৃত ঘোষণা করেন।“

আহত নিশান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই পরিদর্শক বলেছেন, সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সজীবের বন্ধু মোজাহিদ বলেন, তারা পুরান ঢাকায় তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। 

“অনুষ্ঠান শেষে টিএসসিতে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। সেখান থেকে বন্ধু  নিশানকে চাঁনখারপুল নামিয়ে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল।

"পথে মেট্রোরেল স্টেশনের পাশে মন্দিরের গেইটের কাছে ভাঙা রাস্তার গর্তে পড়ে ওদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। সজীব হেলমেট না পড়ে হাতে রেখেছিল, পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।“