উগ্রবাদী ‘হুমকি নেই’, গুজব ঠেকাতে প্রস্তুত এসআরবি
২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার সদস্য, সাড়ে ৫০০ পিকআপ ও সাড়ে ৪০০ মোটরসাইকেল দিয়ে টহল দিচ্ছে এসআরবি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে উগ্রবাদী হামলা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য বা হুমকি নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেছেন, সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা’ মোকাবিলার প্রস্তুতি নিয়েছে এসআরবি।
রোববার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন এসআরবি মহাপরিচালক।
তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার সদস্য, সাড়ে ৫০০ পিকআপ ও সাড়ে ৪০০ মোটরসাইকেল দিয়ে টহল দিচ্ছে এসআরবি।
গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
আহসান হাবীব পলাশ বলেন, পূজাকে কেন্দ্র করে ‘যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ মোকাবিলায় এসআরবির সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও স্থানে এসআরবির ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট তল্লাশি চালাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল প্রস্তুত রাখার পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক সদস্য রিজার্ভ রাখা হয়েছে বলে তিনি তথ্য দেন।
মহাপরিচালক বলেন, ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকার পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এসআরবি সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারিতে রাখা হয়েছে।
পূজামণ্ডপ এলাকায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন এসআরবি প্রধান।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা বা উগ্রবাদী হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তবে যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা মোকাবিলায় এসআরবি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
“অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এ ধরনের তথ্য ছড়িয়ে উসকানি দিয়ে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিগত বছরগুলোর মত এবারও দেশজুড়ে ‘উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে’ শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে বলে আশা প্রকাশ করেন এসআরবি মহাপরিচালক।
তিনি বলেন, পূজার সার্বিক নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে এসআরবি।
