বাংলা একাডেমি প্রাঙ্গণে 'বিজয় বইমেলা' শুরু
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘বিজয় বইমেলা ২০২৬’।
মেলায় দেশের বড় বড় প্রকাশনী অংশগ্রহণ করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আসনে ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ, পরিচালক আবুল বাশার ফিরোজ শেখ, মো. মনিরুজ্জামান খান ও আবদুল আজিজ।
বিজয় মাসের চেতনা ধারণ করে বইমেলাকে জাতির সাংস্কৃতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মেলবন্ধন হিসেবে উল্লেখ করে আয়োজকরা বলেছেন, "বইমেলা শুধু বই বিক্রির আয়োজন নয়, বরং মুক্তচিন্তা, মননশীলতা ও সাহিত্য চর্চার এক উন্মুক্ত মঞ্চ।"
বইমেলার পাশাপাশি এই আয়োজনে প্রতিদিন থাকবে স্মারক বক্তৃতা, লেখক-প্রকাশক বক্তব্য পর্ব, বই ও সাহিত্যভিত্তিক আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন।
বইমেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।
