মিরপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি: ঢাকা ও ভোলায় গ্রেপ্তার ৪
মাজার রোডে এক ব্যবসায়ীর বাসা থেকে প্রায় ৩২ লাখ টাকা ও শতাধিক ভরি সোনা লুট হয়, বলছে র্যাব।
ঢাকার মিরপুরে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার ঢাকার সদর ঘাট ও ভোলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৮০ হাজার টাকা, প্রায় ১ ভরি ১০ আনা সোনা, ৮ ভরি ২ আনা ‘সিটিগোল্ড’ ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ ভোলার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মিরপুরের ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন— মো. বিল্লাল, মো. হোসেন সোহান, বকুল বিবি ও কুলসুম বিবি।
এর মধ্যে বিল্লালকে ধরা হয় বৃহস্পতিবার সকালে; ঢাকার সদর ঘাট এলাকা থেকে। বাকি তিনজন গ্রেপ্তান হন ভোলায়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরের মাজার রোড এলাকায় গত ১৯ অক্টোবর মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়। ডাকাতরা প্রায় ৩২ লাখ টাকা ও শতাধিক ভরি সোনা লুট করে নিয়ে যান। পরে এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা করেন ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ।
