১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারাগারে ভোট দিলেন ৫০৬৭ জন

নিবন্ধন করলেও ভোট দেওয়া থেকে বিরত থাকেন ৮৯৩ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 10:34 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে শেষ দিনে ভোট দিয়েছেন ২৩৪ জন কারাবন্দি। 

এ সংখ্যা মিলিয়ে এবার কারাগারে ৫ হাজার ৬৭টি ভোট পড়ার তথ্য দিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ। 

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পোস্টাল ভোটের জন্য ছয় হাজার ৩১৩ জন বন্দি নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ভোট দেওয়ার অনুমোদন পান ৫ হাজার ৯৬০ জন। সেই হিসাবে ৮৯৩ জন ভোট দেননি।

এদের ভোট না দেওয়া প্রসঙ্গে কারা কর্মকর্তা বলেন, “কারো অনীহা, আবার কেউ জামিনে বের হয়ে গেছেন।”

গত ৩ ফেব্রুয়ারি কারাগারগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দিন ভোট পড়ে ১ হাজার ৫২১টি। 

মোট ভোট দেওয়া ৫ হাজার ৬৭ জন বন্দির মধ্যে নারী আছেন ১৮ জন।

গত রোববার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, কারাবন্দি সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও সাংবাদিকদের মধ্যে ৪০ জন এবার নিবন্ধন করেছিলেন। এর মধ্যে রোববার পর্যন্ত ভোট দেন ২০ জন।

সেই সংখ্যা বেড়েছে কিনা, সেই তথ্য নির্দিষ্ট না করে সোমবার জান্নাত উল ফরহাদ বলেন, “ডিভিশন প্রাপ্ত যেসব বন্দি আছেন, তাদের মধ্যে শেষ দিন পর্যন্ত ৫৬ জন ভোট দিয়েছেন। 

“ডিভিশনপ্রাপ্ত বন্দিদের মধ্যে সাবেক মন্ত্রী-এমপি ও তাদের সন্তানদের পাশাপাশি সাংবাদিক ও ব্যবসায়ী রয়েছেন।”

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৭২টি কারাগারে ৪৩ হাজার ধারণ ক্ষমতা রয়েছে। এসব কারাগারে চব্বিশের ৫ অগাস্ট পর্যন্ত বন্দির সংখ্যা ছিল প্রায় ৪৮ হাজার। সেই সংখ্যা ৪৮ হাজার থেকে ৮৫ হাজারে এসে ঠেকেছে গত দেড় বছরে।