১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন মন্ত্রিসভার

এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত, বলছে প্রধানমন্ত্রীর প্রেস দপ্তর।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন মন্ত্রিসভার
সচিবালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 09:42 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস দপ্তর বলেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।

এদিন সকালে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে তিনি এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন।

জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট দেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান ৯৯ ভোট এবং আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

আগামী ৮ সেপ্টেম্বর এ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে ২২ সেপ্টেম্বর শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। 

এ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী।