১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আমিনবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের পর সরবরাহ ‘স্বাভাবিক’

“সেখানে নাশকতার কোনো ঘটনা ঘটেনি; এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা,” বলেন নির্বাহী প্রকৌশলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

ঢাকার আমিনবাজারে বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই কারণে বিদ্যুৎ সরবরাহে কেনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন সেখানকার নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আগুনে একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না।

“আমাদের এখানে চারটা বড় বড় ট্রান্সফরমার রয়েছে। সকালে একটিতে আগুন লেগে যাওয়ার পর আমরা এর পাশের ট্রান্সফরমারটি বন্ধ করে দুটো ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রেখেছি।”

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ওই উপকেন্দ্রে আগুনের খবর পেয়ে ছুটে যান ফায়ার সার্ভিস সদস্যরা। তাদের ৯টি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণ আসে। 

এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী মাধব বলেন, “সেখানে নাশকতার কোনো ঘটনা ঘটেনি। এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। 

“তবে ট্রান্সফরমারে কীভাবে আগুন লাগল, সেটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে। সেই কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।” 

ওই আগুনকে নাশকতা ভাবছে না ফায়ার সার্ভিসও। আগুনের উৎস বলতে না পারলেও সংস্থাটির উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলছেন, প্রাথমিকভাবে তারা নাশকতার কোনে চিহ্ন পাননি।

“আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত কমিটি হবে, এখানে টেকনিক্যাল অনেকগুলো বিষয় রয়েছে।”

তিনি বলেন, “একটি ট্রান্সফরমারেই আগুন লেগেছিল; আগুনে সেটি পুড়ে গেছে। ট্রান্সফরমারের ভেতরে অনেক তেল থাকে, সেই তেলের কারণে প্রাথমিকভাবে আগুনটাকে অনেক বেশি মনে হয়েছিল।”

এক প্রশ্নের জবাবে উপকেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র বেলা ৩টায় বলেন, “এখন সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।”

আরও পড়ুন:

বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নাশকতা ভাবছে না ফায়ার সার্ভিস

আমিনবাজারে পাওয়ার গ্রিড উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে