ডেঙ্গুতে ভর্তি রোগী ৫৮ হাজার ছাড়াল, মৃত্যু ২৮০
সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৯৭ জন রোগী। এসময়ে এ রোগে মৃত্যৃ হয়েছে তিনজনের।
এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা হল ৫৮ হাজার ১০৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার একদিনে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪২১ জন, ঢাকা বিভাগে ২৮১ জন, ময়মনসিংহে ৩৬ জন, চট্টগ্রামে ১৪০ জন, খুলনায় ১৩৬ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার যারা মারা গেছেন তাদের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৩ হাজার ৮৫৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৭০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯২৮ জন এবং ২০৪২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৩ হাজার ৭০৯ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৯৯ জন। অক্টোবরের ২৮ দিনে ২৭ হাজার ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১১৭ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।
এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।
জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
