২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেস ক্লাব ঘুরে ফের নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা

মানুষের চাপ বাড়লে বেলা সাড়ে ১০টার দিকে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রেস ক্লাব ঘুরে ফের নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি৬ করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে শনিবার তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 11:32 AM

Updated : 26 Aug 2026, 12:44 PM

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। 

শনিবার নগর ভবন থেকে তাদের সচিবালয়মুখী বিক্ষোভ করার ঘোষণা থাকলেও পুলিশের বাধায় তারা সচিবালয়ের সামনে যেতে পারেননি। পরে প্রেস ক্লাবে গিয়ে তারা অবস্থান। 

এর আগে সকালে তৃতীয় দিনের মত নগর ভবনের সামনে অবস্থান নেন তারা।  এজন্য সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন নগর ভবনের সামনে আসতে থাকেন। মানুষের চাপ বাড়লে বেলা সাড়ে ১০টার দিকে সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় নগর ভবনের প্রধান ফটক বন্ধ থাকলেও  ছোট গেট দিয়ে লোকজন চলাচল করে। 

বেলা ১১টার দিকে নগর ভবন থেকে খণ্ড খণ্ড মিছিল গোলাপশাহ মাজার, জিপিও হয়ে পল্টনের দিকে এগোতে থাকে। জিপিও মোড় থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে পুলিশ ব্যারিকেড দেওয়ায় বিক্ষোভকারীরা পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে আসেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা আবার নগরে ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।  

বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। 

বিক্ষোভে অংশ নেওয়া শাহবাগ এলাকার খলিল শাহীন নামে একজন বলেন, “ইশরাকের শপথ নিয়ে সরকার টালাবাহানা করছে, বিএনপির নেতারা যেন ভালো কোনো অবস্থানে যেতে না পারে।”

ধানমন্ডির শাহাদাত হোসেন সৈকত বলেন, “ইশরাক হোসেন জনতার মেয়র। স্বৈরাচার সরকারের আমলে জনগণের রায় কেড়ে নিয়ে আরেকজনকে মেয়র পদে বসানো হয়েছিল। এখন আদালত রায় দিয়েছে উনাকে মেয়র স্বীকৃতি দিয়ে। কিন্তু সরকার শপথ নেয়ার ব্যবস্থা করছে না।”

শনিবার নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাক সমর্থকরা। 

শনিবার নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাক সমর্থকরা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কিন্তু অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের শপথের আয়োজন এখনো হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে এর আগে বুধবার ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এ দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সেদিন।

ইশরাককে মেয়র ঘোষণা: আইন মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। ফলে ওইদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারেননি। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়েন।

এমন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের করা মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল না করার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না, তা জানতে চেয়ে বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ।

আইন ও বিচার বিভাগের সচিবের কাছে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিনের পাঠানো চিঠিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ৬ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণে কোনো আইনি জটিলতা আছে কি না, সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে।