‘পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে’ জুরাইনে যুবক খুন
“ওই যুবকের পিঠে কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”
রাজধানীর জুরাইনে ‘পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে’ ছুরিকাঘাতে এক যুবকের প্রাণ গেছে।
নিহত সজীব হোসেন (৩৫) মোটরগাড়ির ইঞ্জিন মিস্ত্রী ছিলেন। সোমবার বিকেল ৫টার দিকে জুরাইন পোস্তগোলা আদ-দ্বীন হাসপাতালের পিছনে রেললাইনের পাশে একটি চায়ের দোকানে তাকে ছুরি মারা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, সোমবার সন্ধ্যার দিকে প্রতিবেশীরা সজীবকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“ওই যুবকের পিঠে কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”
সজীবকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী জাকির হোসেন ও জুয়েলসহ কয়েকজন। তারা জানান, পোস্তগোলা কুলিবাগান তেলের মিল এলাকায় সজীবের বাসা। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। বাবার নাম ইয়াদ আলী।
জাকির হোসেন বলেন, দুই মাস আগে সজীবের কাছ থেকে ৬ হাজার টাকা ধার নিয়েছিল শাহীন নামে স্থানীয় এক যুবক। সেই টাকা ফেরত না দেওয়ায় দুজনের ঝামেলা ছিল।
“গত ৩ অক্টোবর টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল শাহীন। তবে সেদিনও টাকাটা দেয়নি। সজীব গতকাল বিকেলে শাহীনের কাছ টাকা চাইতে গেলে সে আজ আদ-দ্বীন হাসপাতালের পেছনে রেললাইনের পাশে চায়ের দোকানে অপেক্ষা করতে বলে।
“কথা মত সজীব আজ বিকালে চায়ের দোকানে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর পেছন থেকে এসে সজীবকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায় শাহীন।”
প্রতিবেশীদের ভাষ্য, শাহীন মাদকের কারবারে জড়িত। এলাকার মানুষ তাকে ‘পুলিশের সোর্স’ হিসেবে চেনে।
