২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা

২০২৩-২০২৪ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২৮ জনকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান।

মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা
ছবি: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 01:15 AM

Updated : 26 Aug 2026, 11:02 AM

মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী।

রোববার ঢাকা সেনানিবাসের 'আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স' এ এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ সময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

২০২৩-২০২৪ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৫ জনকে সেনাবাহিনী পদক (এসবিপি), ৫ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৮ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান।

খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।