Published : 11 May 2026, 06:03 PM
বৈশাখের শেষভাগে ভরদুপুরে বৃষ্টিতে ডুবল রাজধানীর অনেক এলাকা।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সোমবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
এ সময়ে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি নোয়াখালীর মাইজদীতে ঝরে বলে জানান তিনি।
এদিন সকালে ঢাকায় কিছুটা রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ করতে শুরু করে। এরপর দুপুরবেলা বৃষ্টি ঝরে।
রাজধানীতে বৃষ্টি চলে আধাঘণ্টার মতো। তাতে পথচারী, হকার, দোকানি আর চাকরিজীবীরা পড়েন ভোগান্তিতে। অস্থায়ী দোকান আর বহুতল ভবনের নীচে আশ্রয় নেন অনেকে। বৃষ্টিতে ভিজেই আবার চলাচল করতে দেখা যায় অনেককে।
এর মধ্যে ঢাকার বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
মিরপুর-১২ এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, “বছরের পর বছর ধরে দেখে আসছি। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে, জলাবদ্ধতা হয়। সিটি করপোরেশন থেকে বার বার প্রতিশ্রুতি আসে, কিন্তু কাজ হয় না।

“একটু বৃষ্টি হলেই ছোট বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার-আসার সমস্যা হয়। এসব থেকে বাঁচার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার।”
বৃষ্টির কারণে জলজট দেখা দেয় মিরপুর-১০ এলাকার বেশ কিছু স্থানে।
সেখানকার বাসিন্দা মেহেদী হাসান মাহিম বলেন, “বৃষ্টি এলেই এখানে পানি জমে যায়। যদিও সিটি করপোরেশনের লোকজন পরে এসে ঠিকঠাক করে। কিন্তু ভোগান্তিতে পড়তে হয় আমাদের।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের তরফে বলা হয়েছে, “বৃষ্টিপাতের মধ্যেও দ্রুত পানি নিষ্কাশন ও ড্রেন পরিষ্কার কার্যক্রম চলছে। নাগরিক দুর্ভোগ কমাতে আমাদের টিম মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রাতে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোণায়, ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কম সময়ে বেশি বৃষ্টির কারণ কী
খুব কম সময়ের মধ্যে ঢাকায় বিপুল পরিমাণ বৃষ্টির কারণ কী, আর এই প্রবণতা কয়দিন থাকতে পারে তা জানতে চাওয়া হয়েছিল আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের কাছে।

জবাবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ তারিখের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম হবে। আর প্রাক-মৌসুমিতে যেটা হয় লোকালি, কিছু থান্ডারস্ট্রম সেল ডেভলপ করে বৃষ্টি হয়।
“যেমন আজকে দুপুরের যেটা হয়েছে। এটা র্যাপিডলি (দ্রুত) ডেভলপ করে বৃষ্টি হয়েছে।”
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ ধরনের বৃষ্টির আভাস দেওয়া কঠিন জানিয়ে তিনি বলেন, “এরকম বৃষ্টি হলে পরে সমস্যা হয় কি যে—এরকম ইভেন্টগুলো, শর্ট লাইফের ইভেন্টগুলো মডেল ততটা ক্যাপচার করতে পারে না।
“ফলে লং টার্ম ফোরকাস্টের মধ্যে এগুলোর কোনো ইনফ্লুয়েন্স থাকে না। হয়তো ওই দিন টের পাওয়া যায় সকালের দিকে বা কিছু সময় আগে।
“এজন্য লং টাইমের জন্য ফোরকাস্ট বলতে গেলে আমরা যেটা মানে মোটাদাগে বলছি, সেটা হচ্ছে যে ১৩-১৪ তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। আর এমনি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।”