১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি

স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রীর কর্মস্থলে বা নিকটতম প্রতিষ্ঠানে বদলির জন্য শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 08:52 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

সরকারি কলেজ শিক্ষকদের তিনটি কমিটির মাধ্যমে বদলির বিধান রেখে নতুন নীতিমালা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের এবং অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সহযোগী অধ্যাপকদের বদলি করা হবে। 

আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে অধিদপ্তর, বিভিন্ন দপ্তর ও সংস্থায় এবং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের বদলি বিধান রাখা হয়েছে।

সোমবার এ নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির ক্ষেত্রে গঠিত কমিটির সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও সংশ্লিষ্ট জেলার এডিসি (শিক্ষা)।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক সহকারী পরিচালক (কলেজ) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এ কমিটি বদলির আবেদন যাচাই-বাছাই করে আদেশ জারি করবে। 

সহযোগী অধ্যাপকদের বদলির কমিটিতে সদস্য হিসেবে থাকবেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (কলেজ)। অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ) এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। ঢাকা মহানগর, দপ্তর, সংস্থার পদ ছাড়া কলেজগুলোতে সহযোগী অধ্যাপক পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের বদলির আদেশ দেবে এ কমিটি।

বিভিন্ন দপ্তর ও সংস্থার পদ, কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের বদলির কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ও যুগ্মসচিব (কলেজ)। সদস্য সচিবের দায়িত্বে থাকবেন উপসচিব (কলেজ)। এ কমিটিও আবেদন যাচাই-বাছাই করে বদলির আদেশ দেবে।

নীতিমালায় বলা হয়, প্রভাষকরা চাকরির দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলির আবেদন করতে পারবেন না। অন্য শিক্ষক-কর্মকর্তারা একই কর্মস্থলে দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলির আবেদন করতে পারবেন না। তবে কোনো গুরুতর শারীরিক, মানসিক বা পারিবারিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে দুই বছর পূর্ণ হওয়ার আগে তারা বদলির আবেদন করতে পারবেন। যৌক্তিকতা সাপেক্ষে আবেদন বিবেচনার এখতিয়ার সরকারের থাকবে।

স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রীর কর্মস্থলে বা নিকটতম শিক্ষা প্রতিষ্ঠানে বদলির জন্য শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

অবসরের প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর আগে কোনো শিক্ষা ক্যাডার কর্মকর্তা বদলির জন্য আবেদন করলে তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

বদলির আবেদন মূল্যায়নে আবেদনকারীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, পেশাগত সমস্যা, আবেদনকারী ও তার পরিবারের সদস্যদের দুরারোগ্য অসুস্থতা, নিজ জেলা থেকে কর্মস্থালের দূরত্ব ইত্যাদি বিষয়ে বিবেচনা করা হবে।