১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনের ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি

দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে তিনি ‘দায় স্বীকার’ করে জবানবন্দি দিতে রাজি হন বলে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনের ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি
আদালতে মাহমুদুল হাসান মহিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে ‘দোষ স্বীকার করে’ জবানবন্দি দিয়েছে।

দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে রোববার তার ’স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দেওয়ার তথ্য দিয়েছেন আদালতে কোতোয়ালী থানার প্রসিকিউশন বিভাগের এসআই তানভীর মোর্শেদ চৌধুরী।

এদিন মহিনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

পরে তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান মহিনের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর কথা বলেন এসআই তানভীর।

প্রথম দফায় গত ১০ জুলাই পাঁচ দিন এবং দ্বিতীয় দফায় ১৫ জুলাই মহিনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

প্রকাশ্য সড়কে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার এ মামলায় ৯ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

গ্রেপ্তার অপর আসামিরা হলেন-টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মো. রাজিব ব্যাপারী, নান্নু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু।

এদের মধ্যে গত ১৭ জুলাই লম্বা মনির, আলমগীর ও টিটন এবং ১৯ জুলাই সজীব আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। 

এছাড়া রিমান্ড শেষে রাজিব বেপারী কারাগারে আটক রয়েছে। অপর আসামিরা রিমান্ডে রয়েছেন।

ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে বুধবার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেইটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে।

এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে এমন ভয়ংকরভাবে কাউকে হত্যা করা হতে পারে, তা পরিচিতজনদের ধারণারও বাইরে।

সোহাগ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দুই ভাই

সোহাগ হত্যা: ৩ আসামির 'দায় স্বীকার' করে জবানবন্দি

প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বহিষ্কার বিএনপির ৫ জন

মিটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা