Published : 19 Jul 2025, 07:01 PM
ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই ভাই সজীব বেপারী ও রাজীব বেপারীকে কারাগারে পাঠানো হয়েছে।
পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করেন কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান। সজীব বেপারী ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিতে চাইলে বিচারক তা রেকর্ড করেন।
আদালতের কোতয়ালী থানার প্রসিকিউশন বিভাগের এসআই তানভীর মোর্শেদ চৌধুরী এ তথ্য দিয়েছেন।
ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেইটের সামনে কংক্রিটের বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় সোহাগকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন।
ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী হত্যাকাণ্ডের ব্যাপারে বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত আক্রোশে’হত্যা করা হয় সোহাগকে।
এ ঘটনায় সোহাগের বড় বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত মামলাটিতে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর আসামিরা হলেন- মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), নান্নু গাজী (২৫), রেজওয়ান উদ্দিন অভি অভিজিৎ বসু (৩৫), মো. টিটন গাজী (৩২), আলমগীর (২৮) এবং মনির ওরফে লম্বা মনির (৩২)।