২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

বাসের চালক-সহকারীসহ সব শ্রমিকই কমবেশি আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 12:24 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

ঢাকার বনানীতে বাস উল্টে ৪২ জন আহত হয়েছেন। 

শুক্রবার ভোরে শ্রমিকদের নিয়ে ঢাকা থেকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

‘পরিস্থান পরিবহনের’ বাসটি কালিগঞ্জ এলাকার ‘পূর্বাচল অ্যাপারেল লিমিটেড’ নামের একটি কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করত বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, “ফজরের পর পরই এই ঘটনা ঘটে। আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ইউটার্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। 

“বাসের চালক-সহকারীসহ সব শ্রমিকই কমবেশি আহত হয়েছেন।”

আহতদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বেলা পৌনে ১২টার দিকে ওসি রাসেল বলেন, বাসটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।