২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ ছাত্রলীগের সহসভাপতি বিপ্লব কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ধানমন্ডি থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠন ছাত্রলীগের ঝিনাইদহ জেলার সহসভাপতি মো. বিপ্লব হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াস শুনানি নিয়ে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ। আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন। 

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর আদেশ দিয়েছেন বলে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ অগাস্ট দুপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮০ থেকে ৯০ জন ধানমন্ডি-২৭ নম্বরে মিছিল করে। বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি ককটেল ফাটিয়ে তারা পালিয়ে যায়। তারা সরকারের বিরুদ্ধে ও রাষ্ট্রের ক্ষতি সাধনে অপপ্রচারে স্লোগান দেন ও বিস্ফোরণ ঘটান।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলা করেন এ থানার এসআই মো. আকিব নূর। এ মামলায় বৃহস্পতিবার ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করে।