২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নাইকো দুর্নীতি মামলা: কানাডার দুই পুলিশের সাক্ষ্য ৩০ অক্টোবর

ওই পুলিশ সদস্যরা হলেন- কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপে।

নাইকো দুর্নীতি মামলা: কানাডার দুই পুলিশের সাক্ষ্য ৩০ অক্টোবর

নাইকো দুর্নীতি মামলার আসামি খালেদা জিয়া। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 05:29 PM

Updated : 19 Oct 2023, 07:25 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণে কানাডার দুই পুলিশ কর্মকর্তাকে ডেকে পাঠানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

তাদের সাক্ষ্য গ্রহণে আগামী ৩০ অক্টোবর তারিখ রেখেছেন ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান।

ওই পুলিশ সদস্যরা হলেন- কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপে।

বৃহস্পতিবার আদালতে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমকে জেরার দিন ধার্য ছিল। এদিনই ওই পুলিশ সদস্যদের সাক্ষ্যের তারিখ রাখেন বিচারক। অসুস্থ থাকায় খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া জানান, বাদী মাহবুবুল আলমকে জেরা করেন বিএনপি চেয়ার পারসনের আরেক আইনজীবী আমিনুল ইসলাম। অন্য আসামিদের পক্ষে জেরার জন্য সময় আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এদিন দুদকের পক্ষে আদালতে শুনানি করেন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

গত ১৯ মার্চ এ আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আদালত নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্যে দিয়ে জরুরি অবস্থার সময় দায়ের করা এ মামলার বিচার শুরু হয়।

২০০১-০৬ মেয়াদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া অপর আসামিরা হলেন- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম। তাদের মধ্যে প্রথম তিনজন পলাতক।

এছাড়া ব্যারিস্টার মওদুদ আহমদ, একেএম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।