Published : 14 Sep 2025, 11:55 AM
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় তুহিন আহমেদ হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দীন।
গত ২৬ জানুয়ারি ঢাকার ভাটারা এলাকা থেকে এনামুরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর তাকে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সর্বশেষ গত ১ সেপ্টেম্বর তুহিন হত্যা মামলায় এনামুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক আশিক ইমাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ঠিক করেন।
এদিন শুনানিকালে আসামিকে কেরাণীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান পরিদর্শক আশিক ইমাম।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই সাভারের আর এস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনে অংশ নেন তুহিন আহমেদ। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই মারা যান তুহিন।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন।