এই মুহূর্তে অগ্রাধিকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখাও অগ্রাধিকারে রয়েছে, বলেন তথ্যমন্ত্রী।
রোজার মাস চলে আসায় নতুন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে বৈঠকে খুবই স্বাভাবিকভাবে দেশের জরুরি পরিস্থিতি কী কী হতে পারে, সেটা নিয়ে কমবেশি কথা হয়েছে। আলাপ-আলোচনা সাপেক্ষে প্রধানমন্ত্রী আমাদের সকলকেই পরামর্শ দিয়েছেন সরকারের পক্ষ থেকে।
“আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা। বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয় এবং ইফতারের সময়- এই তিনটা বিষয়কেই মূলত আমরা যদিও সৌজন্য বৈঠক, কিন্তু আমাদের অগ্রাধিকারে এসেছে এই তিনটা বিষয়।”
মন্ত্রিসভার ওই বৈঠক থেকে বের হয়ে শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুরও বলেন, রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “সংশ্লিষ্ট যে মন্ত্রিবর্গরা আছেন, তারা তাদের একটা কর্মপরিকল্পনা খুব শিগগিরই, দুয়েকদিনের মধ্যে উনার (প্রধানমন্ত্রী) কাছে হাজির করবেন। তারপরে আবার পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করছি।”
জহির উদ্দিন স্বপন বলেন, “আমাদের দলের পক্ষ থেকে যখনই ৩১ দফার কর্মসূচি আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামত করার জন্য এবং এই কর্মসূচি কেবল বিএনপিরই ছিল না। এটা গণতান্ত্রিক রাজনৈতিক সকল দল এটার সঙ্গে যুক্ত ছিল। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যদি জনগণের ভোটে আমরা নির্বাচিত হই তাহলে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে একটা ১৮০ দিনের কর্মসূচি আমরা গ্রহণ করব। যেকোনো লক্ষই হোক, আর দূরদর্শী লক্ষ্যই হোক তা বাস্তবায়ন করার জন্য একটা বাস্তবসম্মত সময় দরকার।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের যে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ, গণমাধ্যমের স্বাধীনতা।
“আমরা এটা তো কথার কথা অনেকদিন থেকে সবাই বলছি। কিন্তু ‘মেকানিজমটা কনফার্ম’ করার জন্য আমরা কাজ করছি। কিন্তু আমরা এটা যেহেতু মিন করি সেটা আমরা নিজেরাও এই মেকানিজমটাকে আরো স্পষ্ট করে একটু বুঝতে চাচ্ছি।"
তথ্যমন্ত্রী বলেন, “ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা কমিশন গঠন করা হয়েছিল আপনারা জানেন। সেই কমিশনের প্রস্তাব আমাদের হাতে আছে, তারও আগে কিছু কিছু কাজ হয়েছে। আজকে অফিসে সৌজন্য আলাপগুলো করলাম।
“গণমাধ্যমের স্বাধীনতার জন্য সকল প্রতিবেদনগুলো নিয়ে যাতে একটা ‘ওয়ার্কেবল প্ল্যানের’ মধ্যে যাওয়া যায় আমরা সে কাজ করছি।”
আরও পড়ুন-
