১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রশ্নের উত্তর আসছে না’, তথ্যপ্রযুক্তিমন্ত্রীকে থামালেন ডেপুটি স্পিকার

উত্তর ‘ভালোভাবে প্রস্তুত করে’ সংসদে আসার পরামর্শ দেন কায়সার কামাল।

‘প্রশ্নের উত্তর আসছে না’, তথ্যপ্রযুক্তিমন্ত্রীকে থামালেন ডেপুটি স্পিকার
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে বৃহস্পতিবার। দ্বাদশ সংসদ নির্বাচনের এক মাস পর গত ১২ মার্চ এ অধিবেশন শুরু হয়েছিল। ছবি: পিএমও

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 10:15 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে আইনি ব্যাখ্যা শোনাচ্ছিলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, যাকে থামিয়ে দিয়ে ডেপুটি স্পিকার বলেছেন, মূল প্রশ্নের উত্তর তার বক্তব্যে আসছে না।

এ ধরনের প্রশ্নের উত্তর ভবিষ্যতে ‘আরো ভালোভাবে প্রস্তুত করে’ সংসদে আসার পরামর্শ দেন কায়সার কামাল। 

সোমবার ‘জরুরি জনগুরুত্বপূর্ণ’ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার নোটিসের জবাব দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের এ বৈঠক চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং, চরিত্রহন এবং এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়টি তোলেন সেলিনা সুলতানা।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত পোষণকারী ব্যক্তি ও নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং ও চরিত্রহনের ঘটনা বাড়ছে। এআই ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এসব অপপ্রচারের ফলে নারীরা সামাজিকভাবে হেয় হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকারের কী উদ্যোগ রয়েছে, তাও জানতে চান এই সংসদ সদস্য।

জবাবে তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে দেশে আইন রয়েছে, তবে অনেক ক্ষেত্রে প্রয়োগ হয় না।

এরপর তিনি সাইবার সুরক্ষা আইনের ২৫ ধারায় ব্ল্যাকমেইল, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন, শিশুর যৌন নিপীড়নসংক্রান্ত উপাদান, সেক্সটরশন এবং এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্ট প্রচারের অপরাধ ও শাস্তির বিধান পড়ে শোনাতে শুরু করেন।

মন্ত্রী যখন বিদ্যমান আইন ও প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন ধারা বিস্তারিত পড়ছিলেন, তখন তাকে থামিয়ে ডেপুটি স্পিকার বলেন, “পরবর্তীতে এ ধরনের প্রশ্নের উত্তর তৈরিতে যারা আপনাকে সহায়তা করে, একটু ভালোভাবে প্রস্তুত করে এখানে আসবেন। উনার যে প্রশ্ন, সেটার উত্তর আসছে না এখানে।”

জবাবে মন্ত্রী বলেন, তার বক্তব্যের আরও অংশ রয়েছে এবং তাকে পুরোটা পড়ার সুযোগ দিতে হবে।

এরপর ডেপুটি স্পিকার তাকে মূল বিষয়ে সংক্ষেপে বক্তব্য দিতে বলেন।