২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই হত্যাকাণ্ড: আসামিদের জামিন হওয়ায় আসিফ নজরুলের পদত্যাগ দাবি

“হাই কোর্ট এক পুলিশ সদস্যকে জামিন দিয়েছে। এ ঘটনার সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই,” বলেন আইন উপদেষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

জুলাই আন্দোলনের মামলায় আসামিরা জামিন পেয়ে যাচ্ছেন— এমন অভিযোগ তুলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের সামনে ‘সকল শহীদ ও আহত পরিবারবর্গ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।  

আগামী রোববারের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করে আন্দোলনকারীরা বিকালের দিকে সড়ক ছেড়ে দেন।

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তায়িমকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি হাই কোর্ট থেকে জামিন পান যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদ হোসেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে পরিবারগুলো রাস্তায় নেমেছে বলে দাবি আন্দোলনকারীদের। 

এ ঘটনার প্রতিক্রিয়ায় ফেইসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, জুলাই হত্যাকাণ্ডের আসামি এক পুলিশ সদস্যকে জামিন দিয়েছে হাই কোর্ট। এ ঘটনার সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই।

এদিন বেলা সোয়া ১১টার দিকে আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে দুপুর সাড়ে ১২টায় একটা অংশ মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেয়। 

সচিবালের সামনে বিক্ষোভ সমাবেশে ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল বলেন, “জোরালো প্রমাণ থাকার পরেও সব আসামিরা জামিন পেয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে আমরা রাস্তায় নেমেছি।”

জামিন পাওয়া এসআই সাজ্জাদকে গ্রেপ্তার এবং তাকে জামিন দেওয়া হাই কোর্টের বিচারপতির অপসারণও দাবি করেছেন আন্দোলনকারীরা।

বিকালে রবিউল আউয়াল পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন, “আইন উপদেষ্টা আমাদের আলোচনায় ডেকেছিলেন, আমরা যাইনি। আমরা আগামী রোববার পর্যন্ত তাদের সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে আসামিদের জামিনের বিষয়ে আইন উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে হবে।” 

বিকালে ট্রাফিক রমনা বিভাগের উপ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর সড়কে যান চলাচল শুরু হয়েছে এবং এখন যান চলাচল একদম স্বাভাবিক।

এদিকে আন্দোলন চলাকালে বিকাল ৪টার দিকে ফেইসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, "জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাই কোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিককারণেই ক্ষুদ্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।” 

তিনি বলেন, হাই কোর্ট দেশের উচ্চ আদালত। হাই কোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে নয়। ফলে জামিন বা হাই কোর্টের অন্যকোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। 

“হাই কোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে তাই আপিল করা হয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ ওই আসামিককে গ্রেপ্তার করবে।"