ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
দুটি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজধানীর শনির আখড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনির আখড়া ২৪ ফুট রাস্তার ৮ নম্বর রোডের সাফা টাওয়ার নামে নির্মাণাধীন ভবনে শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগমের (৩৫) গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার শান্তিপুর গ্রামে। নিহতের স্বামী মধু মিয়া বলেন, তারা শনির আখড়ার গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের সহকর্মী রাজমিস্ত্রি মো. ইউনুস বলেন, জোসনা ওই ভবনে ময়লা ফেলার কাজ করতেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ও তার সহকর্মীরা নামাজ ও দুপুরের খাবারের বিরতিতে নিচে যাচ্ছিলেন। এ সময় ভবনের দারোয়ান বাড়ির মালিককে জোসনার পড়ে যাওয়ার বিষয়টি জানালে ছুটে যান। নিচে গিয়ে দেখতে পান জোছনা বেগম লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গেছেন।
তারা দ্রুত জোসনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছন থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের সামনে লোকজন ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী দাবি করেন, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, “দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে খবর দেওয়া হয়েছে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে।
