২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের আদেশ ‘জালিয়াতি’, পেশকার আটক

বিমানবন্দর থানার একটি মাদক মামলার আদেশ জাল করার অভিযোগ ওই পেশকারের বিরুদ্ধে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 09:58 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এক বেঞ্চ সহকারীকে (পেশকার) আটক করা হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে এজলাস চলাকালীন খন্দকার মোজাম্মেল হক জনি নামের ওই সহকারীকে আটকের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।

কোতয়ালি থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির রেজোয়ান খন্দকার বলেন, “আমরা জানতে পেরেছি, মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে বিচারাধীন বিমানবন্দর থানার একটি মাদক মামলার আদেশ জাল করেন ওই পেশকার।”

এর আগে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম শেখ সাদীর সই জাল করার অভিযোগ উঠলে মামলা হয়েছিল। ওই মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৪ অগাস্ট জমা দেওয়ার তারিখ রয়েছে।