Published : 26 Aug 2026, 05:34 PM
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৫৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে কারো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
এই নিয়ে চলতি মাসে ডেঙ্গু রোগী সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৮৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অগাস্টে মারা গেছন ৩৪ জন।
চলতি বছর জানুয়ারিতে রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাই মাসে ছিল ৯ হাজার ২০৬ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫০ জন।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৪৯ জন। ৮৪ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে আরো ২১৫ জন রোগী ভর্তি হয়েছে।
বিভাগের মধ্যে বরিশালে ৬ জন, চট্টগ্রামে ১০২ জন, খুলনায় ৩৮ জন ও ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ৮ এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় কারো ৬২৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৬ হাজার ২৭২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।