ধানমন্ডিতে যুবলীগের বিক্ষোভ-মিছিল, দুজন গ্রেপ্তার
“দিনদিন মিছিল বাড়তে থাকবে,” বলেন মিছিলে যোগ দেওয়া এক যুবলীগ নেতা।
রাজধানীর ধানমন্ডিতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
শনিবার রাত ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে থেকে ৩২ নম্বর সড়কের দিকে মিছিল হয়েছে। এ ঘটনায় পরে দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
মিছিলে অংশ নেওয়া এক যুবলীগ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের দমন পীড়ন, নিরীহ নেতাকর্মীদের ধরপাকড় এবং শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি।
“নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। এখন আর জেলকে ভয় পাই না, কত জেলে ভরবে তা আমরা দেখব। দিনদিন মিছিল বাড়তে থাকবে।”
রাপা প্লাজার সামনে হকার আব্দুস সালাম বলেন, হঠাৎ ‘কয়েকশ লোক’ রাপা প্লাজার সামনে মিছিল শুরু করে। তারা জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেন। সরকারের বিরুদ্ধেও তারা স্লোগান দেন।
ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরের দিকে একটা মিছিল হয়েছিল। পুলিশের তৎপরতায় মিছিলটি বেশিদূর যেতে পারেনি। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ-মিছিল করেছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত ৫ সেপ্টেম্বর তেজগাঁও নাবিস্কো এলাকায় ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানারে মিছিল হয়েছে।
৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তার সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
শুক্রবার জুমার নামাজের পর বাংলামোটর থেকে আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে চলে যান।
তুমুল গণআন্দোলনের মধ্যে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন দিন পর ৮ অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।
এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।
আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে মাঝেমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর আসছে। সেসব ঘটনায় গ্রেপ্তার-আটকের তথ্যও দিচ্ছে পুলিশ।
