ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিকের মৃত্যু
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয়েছিল হাসপাতালে। চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলেছেন।
অনলাইন নিউজপোর্টাল ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ বছর বয়সে মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার সহকর্মী মোস্তফা ইমরুল কায়েস।
তিনি বলেন, “সন্ধ্যার কিছু আগে রফিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলেছেন।”
কাজী রফিকের জন্ম ঢাকার মোহাম্মদপুরে। বাবার চাকরিসূত্রে তারা ঢাকায় থাকলেও গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে।
তিনি ভাই-বোনের মধ্যে রফিক ছিলেন মেজো। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার কোনো সন্তান নেই।
রফিক ২০১৭ সালে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে সাংবাদিকতা শুরু করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছিলেন।
