২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল টিকেটের নকশা বদলের সিদ্ধান্ত আগের সরকারের: ডিএমটিসিএল

“আশা করি এমআরটি একক যাত্রার টিকেট এর ডিজাইন সংক্রান্ত উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো বিভ্রান্তির অবসান হবে।”

মেট্রোরেল টিকেটের নকশা বদলের সিদ্ধান্ত আগের সরকারের: ডিএমটিসিএল
মেট্রোরেলের একক যাত্রার নতুন ও পুরনো টিকেট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 09:44 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

একক যাত্রার টিকেট এবং এমআরটি পাসধারী যাত্রীদের মধ্যে বিভ্রান্তি দূর করা এবং সুষ্ঠুভাবে যাত্রী ব্যবস্থাপনার জন্য একক যাত্রার টিকেটে যে পরিবর্তন আনা হয়েছে, তার প্রক্রিয়া গত সরকারের আমলেই শুরু হয়েছিল বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল।

রোববার ডিএমটিসিএলের ফেইসবুক পেইজে এক ব্যাখ্যায় বলা হয়েছে, গত সরকারের সময়ই একক যাত্রার টিকেটের নকশা চূড়ান্ত করে সরবরাহের আদেশ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে এখন ‘উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি’ ছড়ানো হচ্ছে।

মেট্রোরেলের একক যাত্রার টিকেটের সংকট কাটাতে নতুন যে ২০ হাজার টিকেট কেনা হয়েছে, সেখানে নকশায় এসেছে পরিবর্তন।

পুরনো টিকেটে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সংসদ ভবন আর শাপলা ফুল থাকলেও নতুন টিকেটে শুধু মেট্রোরেলের ছবি রাখায় প্রশ্ন তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তাদের কেউ কেউ আপত্তি তুলেছেন কার্ডের রঙ নিয়েও।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, এমআরটি পাস এবং আগের একক যাত্রীর টিকেট একইরকম হওয়ায় নিরাপত্তায় নিয়োজিত সদস্যের বিভ্রান্তি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই কার্ডের আলাদা পরিচিতি রাখার জন্যেই নকশায় পরিবর্তন আনা হয়েছে।

রোবাবর ডিএমটিসিএলের ফেইসবুক পোস্টে বলা হয়, এমআরটি লাইন-৬ প্রকল্পের আওতায় ৩ লাখ ১৩ হাজারটি একক যাত্রার টিকেট এবং ৮ লাখ ২৫ হাজার ৫০০টি এমআরটি পাস সরবরাহ করা হয়। কিন্তু একক যাত্রার টিকেট এবং এমআরটি পাসের ডিজাইন একইরকম হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। 

“এমআরটি পাসধারী যাত্রী এক্সিট গেটে এ কার্ডটি স্পর্শ করে বের হয়। আর একক যাত্রার টিকেটধারী যাত্রীকে টিকেটটি এক্সিট স্লটে প্রবেশ করাতে হয়। কিন্তু দুটি কার্ডের ডিজাইন একইরকম হওয়ায় একক যাত্রার টিকেটধারী যাত্রী এমআরটি পাসধারী যাত্রীকে অনুসরণ করে একক যাত্রার টিকেটধারী যাত্রী টিকেটটি এক্সিট গেটের স্লটে প্রবেশ না করিয়ে স্পর্শ করেন, তাতে এক্সিট গেট অ্যালার্ম দিয়ে সাময়িক সময়ের জন্য অকার্যকর হয়ে যায়। এ কারণে এক্সিট গেটে যাত্রীদের দীর্ঘ লাইন তৈরি হয়।”

ডিএমটিসিএল বলছে, এরইমধ্যে একক যাত্রার ২ লাখের বেশি টিকেট হারিয়ে গেছে। একক যাত্রার টিকেটধারী যাত্রী টিকেটটি স্লটে জমা না দিয়ে নিয়ে যাওয়ার সময় ডিজাইন একই রকম হওয়ায় গেটে থাকা ব্যক্তিরা টিকেটধারীকে বাধা দিতে বিভ্রান্ত হন। 

একক যাত্রার টিকেট এবং এমআরটি পাসের মধ্যে পার্থক্য আনতে এর আগে একক যাত্রার ৫০ হাজার টিকেটের রং পরিবর্তন করা হয়। কিন্তু সুফল পাওয়া যায়নি।

ডিএমটিসিএল বলছে, এ সংকট কাটাতে গত ৩০ জানুয়ারি ৪ লাখ নতুন টিকেট সংগ্রহের ব্যবস্থা নিতে পরামর্শক প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়। গত ২৮ জুলাই একক যাত্রার টিকেটের নতুন ডিজাইন পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়। ঠিকাদার ১ নভেম্বর নতুন ডিজাইনের একক যাত্রার ২০ হাজার টিকেট সরবরাহ করে।

একক যাত্রার বিপুল পরিমাণ টিকেট না থাকায় স্টেশনে টিকেট কাটতে গিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছিল যাত্রীদের। ভিড় বেশি হলেই টিকেট সংকটে যাত্রীর লাইন দীর্ঘ হয়ে যাচ্ছিল।

এ অবস্থায় ডিএমটিসিএল ২০ হাজার একক যাত্রার টিকেট জাপানের সনি কোম্পানি থেকে এনেছে। গত সপ্তাহে স্টেশনগুলোতে নতুন টিকেট ছাড়াও হয়েছে। এরপর থেকে বিভিন্ন ফেইসবুক গ্রুপে কার্ডের নকশা পরিবর্তন নিয়ে সমালোচনা হচ্ছে।

এম এ সাগর নামে একজন ফেইসবুকে লিখেছেন, “মেট্রোরেলের নতুন কার্ড থেকে জাতীয় বিষয়গুলো তুলে দেওয়া হয়েছে। রঙ করা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর পতাকার রঙে।”

মেট্রোরেলের যাত্রীদের একজন সজিব আহমেদ বলেন, “পুরনো টিকেটে বাংলাদেশের ঐতিহ্য জায়গা পেয়েছিল। সেগুলো বদলানো ঠিক হয়নি।

“তারা কেন সেগুলো বদলালো মাথায় আসছে না, দেশের জাতীয় বিষয়গুলো নিয়ে কারোর দ্বিমত থাকার কথা না। তারা কোন সমাজের প্রতিনিধিত্ব করে চেইঞ্জ আনল? আগেরটা স্মার্টও ছিল।”

সাকিবুর রহমান নামে আরেকজন বলেন, “শহীদ মিনার, স্মৃতিসৌধ, সংসদ ভবন, শাপলা কী দোষ করল রে ভাই? এগুলো রেখেও তো ডিজাইন করা যেত।”

রোববারের ব্যাখ্যায় ডিএমটিসিএল বলেছে, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রাপ্ত এমআরটি একক যাত্রার টিকেটসমূহ যাত্রীদের এবং ক্রাউড ম্যানেজমেন্ট এর সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে। 

“আশা করি এমআরটি একক যাত্রার টিকেট এর ডিজাইন সংক্রান্ত উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো বিভ্রান্তির অবসান হবে।”