সমুদ্র নিরাপত্তা, মানবপাচার রোধে সহযোগিতা বাড়াতে সম্মত ঢাকা-ক্যানবেরা
হাছান মাহমুদ বলেন, “২০২৬ সালে আমরা এলডিসি থেকে উত্তরণ করব। এখন আমরা শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার ভোগ করছি। আমি খুব কৃতজ্ঞ যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করলেও এটা অব্যাহত থাকবে।”
সমুদ্র নিরাপত্তার পাশাপাশি মানবপাচার প্রতিরোধে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
মঙ্গলবার সরকারি পর্যায়ে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা ও মানবপাচারের ক্ষেত্রে বাস্তবিক অভিন্ন সমাধানের বিষয়ে কাজ করছি। আমরা জানি, কোনো দেশ একা এসব সমস্যা মোকাবেলা করতে পারবে না, এতে দরকার অংশীদারত্ব ও সহযোগিতা।
“এসব ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা গভীর করতে এবং সহযোগিতা জোরদারে আমরা খুব আগ্রহী, বিশেষ করে আমাদের কোস্ট গার্ডের মধ্যে।”
দুই দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওং। ২৬ বছর পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এই বাংলাদেশ সফর হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
ঢাকায় দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান তিনি।
এরপর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বাণিজ্য, বিনিয়োগ, সমুদ্র নিরাপত্তা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা, মানুষে মানুষে সংযোগ এবং রোহিঙ্গা শরণার্থী সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরেন তারা।
সমুদ্র নিরাপত্তায় সহযোগিতার বিষয়ে এক প্রশ্নে পেনি ওং বলেন, “এ বিষয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। দুই দেশের কোস্ট গার্ডের সঙ্গে সহযোগিতা গভীর করতে চাই আমরা।”
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় ঢাকায় দুই দেশের কোস্টগার্ড প্রধানের বৈঠকের প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যাতে আমরা আরও বাস্তবিক সহযোগিতা করতে পারি।
“কারণ আমরা বুঝি- এটা হচ্ছে অভিন্ন চ্যালেঞ্জ যেটাকে একসঙ্গে মোকাবেলা করতে হবে। এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যথাসম্ভব কাজ করতে চাই আমরা।”
রোহিঙ্গাদের বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কেবল আপনাদের এবং বাস্তুচ্যুত এই সম্প্রদায়কে সহযোগিতা দিয়ে নয়, আমাদের অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ইস্যুতে ফোকাস ধরে রাখার বিষয়েও আমরা আপনাদের সঙ্গে কাজ অব্যাহত রাখব।
“মিয়ানমারে সংকট যা ঘটছে, সেই সংকটের একটি নিরাপদ ও স্থায়ী সমাধান দরকার, যাতে রোহিঙ্গাদের নিরাপদে ফেরার আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়।”
কিছু রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়া হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “আপনারা যে নেতৃত্বের ভূমিকা নিয়েছেন আমরা তা স্বীকার করি। আজকের প্রতিটা বৈঠকে আমি তার স্বীকৃতি দিয়েছি।
“এবং আমরা গত ছয় বছরে বাংলাদেশ ও মিয়ানমার জনগোষ্ঠীর জন্য ৮৬০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিয়েছি। এটা বেশ বড় বিনিয়োগ, কেননা আমরা এর গুরুত্ব বুঝি।”
ডায়ালগ পার্টনার হিসাবে আসিয়ানের পাশাপাশি আঞ্চলিক অন্য দেশের সঙ্গে কাজ অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, “মিয়ানমারের সংঘাত থামানোর চেষ্টা এবং এই সংকট তৈরিতে ভূমিকা রাখা শাসকদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে আমরা আসিয়ান ও এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে কাজ অব্যাহত রাখব।
“কিন্তু আমি মনে করি আমরা যা চাই আপনাদের সরকারও তা চায়- সেটা হচ্ছে, রোহিঙ্গাদের ফেরার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মিয়ানমারের সংঘাতের যেন সমাধান হয়ে যায়।”
‘২০২৬ সালের পরও শুল্কমুক্ত সুবিধা দেবে অস্ট্রেলিয়া’
স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা অস্ট্রেলিয়া অব্যাহত রাখতে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, “২০২৬ সালে আমরা এলডিসি থেকে উত্তরণ করব। এখন আমরা শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার ভোগ করছি। আমি খুব কৃতজ্ঞ যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করলেও এটা অব্যাহত থাকবে।”
তিনি বলেন, “গত চার বছরে দু'দেশের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে চার বিলিয়ন অস্ট্রেলীয় ডলারে দাঁড়িয়েছে, যা আগামী পাঁচ বছরে দ্বিগুণ হবে বলে আশা করি।”
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানানোর কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের আইটি খাতেও বিনিয়োগের আহ্বান জানিয়েছি।”
হাছান মাহমুদ বলেন, “অস্ট্রেলিয়ার টেকনিক্যাল অ্যান্ড ফারদার এডুকেশন (টিএএফই) সহায়তার আওতায় বাংলাদেশের টেকনিকাল ট্রেনিং সেন্টারগুলোতে (টিটিসি) উন্নত প্রশিক্ষণ সহযোগিতা কামনা করেছি। তারা আমাদের তিনটি টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াচ্ছে।”
সফরের দ্বিতীয় দিন বুধবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে বাংলাদেশ সফর শেষ করে সিঙ্গাপুরের পথ ধরবেন তিনি।
