২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান-আনিসুলদের ‘রক্ষার চেষ্টাকারী’ পুলিশকে আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা

“এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেব না। এইভাবে সাবমিট করার কিন্তু সিস্টেম নাই। তিনি প্রসিডিউরও ফলো করেননি।”

সালমান-আনিসুলদের ‘রক্ষার চেষ্টাকারী’ পুলিশকে আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 08:45 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দুটি হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ কয়েকজনকে ‘বাঁচিয়ে’ তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করেছেন যে তদন্ত কর্মকর্তা, তাকে ‘আইনের আওতায়’ আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসব। তিনি মনে হয় এখন ছুটিতে আছেন। ছুটিতে থাকলেও ছুটি বেশিদিন কাটাতে পারবে না। আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে নিহত হন ছাত্রলীগ কর্মী সবুজ আলী এবং নিউমার্কেট এলাকার হকার মো. শাহজাহান। 

৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই দুই হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়। 

বুধবার দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, ওই দুই মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনার পরিদর্শক মো. জাহাঙ্গীর আরিফ ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই’ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। 

ওই চূড়ান্ত প্রতিবেদনে সালমান, আনিসুল, জিয়াউলদের নাম ছিল না। ‘সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায়’ তাদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান তদন্ত কর্মকর্তা।

চূড়ান্ত প্রতিবেদনে জাহাঙ্গীর আরিফ নিজেকে নিউ মার্কেট থানার পরিদর্শক পরিচয় দিয়েছেন, যদিও তিনি কর্মরত ডিবিতে। মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার চেষ্টার আগে তিনি সাক্ষ্য–স্মারকলিপিতে (মেমো অব এভিডেন্স বা এমই) ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সইও নেননি।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ায় আবার তদন্ত করা হচ্ছে। বিষয়টি জানাজানির পর ‘অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন’ পরিদর্শক জাহাঙ্গীর।

বুধবার সন্ধ্যায় সস্ত্রীক রাজধানীর কাকরাইলে সেইন্ট মেরীস ক্যাথেড্রালে বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। 

তিনি বলেন, “এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেব না। এইভাবে সাবমিট করার কিন্তু সিস্টেম নাই। তিনি প্রসিডিউরও ফলো করেননি।”

চাঁদপুরে জাহাজে সাতখুনের ঘটনার পেছনে কী ছিল জানতে চাইলে উপদেষ্টা বলেন, “ঘটনাটায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে লোকগুলো মারা গেছে তাদের মোবাইলগুলো পাওয়া গেছে। তার বিচার হবে। অন্য আরেকজন যে আহত আছে তাকে সুস্থ করে তোলার সর্বাত্মক চেষ্টা করছি।”

সোমবার বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে এমভি ‘আল বাখেরাহ’ জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।

এ সময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন এখনো চিকিৎসাধীন। 

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। জাহাজের মালিকের পক্ষে মাহাবুব মুর্শেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলাটি করেন।

মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারী থেকে ওই জাহাজের কর্মী আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বুধবার কুমিল্লা নগরীর শাকতলায় র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরফান ‘ক্ষোভ থেকে’ মাস্টার গোলাম কিবরিয়াকে ‘কুপিয়ে হত্যা করেন’। আর ঘটনা জানাজানি হওয়ার ভয়ে জাহাজের বাকি সাত কর্মীকেও তিনি কোপান, যাদের মধ্যে ছয়জনই মারা গেছেন। 

বুধবার সন্ধ্যায় চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মুহাম্মদ ফারহান সাদিক জিজ্ঞাসাবাদের জন্য ইরফানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।