Published : 30 Jan 2026, 02:24 PM
‘সার্ভিস বেনিফিট’ পরিশোধের দাবিতে ঢাকার বনানী এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন একটি কারখানার পোশাক শ্রমিকরা।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি মোড়ে ‘মাসুদ অ্যাপারেলস্ লিমিটেড’ কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিলে বিমানবন্দরগামী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান জোনের সহকারী কমিশনার আবুসায়েম নয়ন।
তিনি বলেন, “তারা বিমানবন্দরগামী অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। পরে পুলিশ তাদেরকে অনুরোধ করে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে, এখন সড়কে কোনো সমস্যা নেই।”
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান বলেন, “সাড়ে ১২টার থেকেই তারা সরে যেতে থাকলে সড়কে যান চলাচল শুরু হয়। তবে ১টার দিকে সড়ক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে।”
এর আগে গুলশান ট্রাফিক বিভাগ ফেইসবুক পোস্টে শ্রমিকদের এই সড়ক অবরোধের খবর দিয়ে যান চলচল বন্ধের কথা জানিয়েছিল।
সেখানে এই সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে অথবা হাতে সময় নিয়ে বের হতে অনুরোধ জানানো হয়েছিল পুলিশের তরফে।