Published : 31 Aug 2025, 11:24 PM
মাদ্রাসায় অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা হবে ডিসেম্বর, যাতে ছয় বিষয়ে অংশ নিতে হবে শিক্ষার্থীদের।
রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে এ পরীক্ষা ২১ ডিসেম্বর শুরু হবে। বাকি পরীক্ষা হবে ২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ ডিসেম্বর।
এদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এসব তথ্য জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান- এ ছয় বিষয়ে মোট ৬০০ নম্বরে এ পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর ১০০ করে ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে প্রতিটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন পরে জানানো হবে।