২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বৈঠকের পর কক্সবাজার গেলেন ইউনূস-গুতেরেস

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন, যেখানে প্রধান উপদেষ্টাও থাকবেন।

ঢাকায় বৈঠকের পর কক্সবাজার গেলেন ইউনূস-গুতেরেস
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার সকালে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: বাসস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 12:01 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকাল ১০টার দিকে জাতিসংঘের মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে নিজ দপ্তর থেকে এগিয়ে এসে গুতেরেসকে স্বাগত জানান ইউনূস। 

এই সময় জাতিসংঘ মহাসচিবকে গাড়ি থেকে নেমেই ইউনূসের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়।

পরে গুতেরেসকে নিয়ে নিজ দপ্তরে বসে আলাাপ করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ফটোশেসন ও ‘ভিজিটর্স বুকে’ সাক্ষরের মধ্যে দিয়ে শেষ হয় মহসচিবের সাক্ষাৎ পর্ব।

বাসস জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কক্সবাজার গেছেন। 

জাতিসংঘ মহাসচিব শুক্রবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। 

মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আন্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের সফরসূচি তুলে ধরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থানের মধ্যে গুতেরেসের সফরের প্রধান কর্মসূচি শুক্র ও শনিবার। 

আজাদ বলেন, কক্সবাজারে প্রধান উপদেষ্টার আলাদা কিছু কর্মসূচি আছে। তিনি কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি একটি মডেল মসজিদেরও উদ্বোধন করবেন।

“জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে নেমে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। যেখানে তিনি একটি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের নিয়ে একটি ক্যাম্পেইন এবং রোহিঙ্গাদের পুষ্টি ও সহায়তার বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশন শুনবেন। এরপর রোহিঙ্গা কালচারাল সেন্টারে গিয়ে সাংস্কৃতিক পরিবেশনা দেখবেন। এছাড়া তিনি কক্সবাজারের একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন।”

এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন, যেখানে প্রধান উপদেষ্টার উপস্থিত থাকার সূচি তুলে ধরে উপপ্রেস সচিব বলেন, “আমরা আশা করছি, এক লাখ রোহিঙ্গা এই ইফতারে অংশ নেবেন। দুজন শুক্রবারই কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসবেন।"

শনিবার মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেদিনই সংবাদ সম্মেলনে আসবেন তিনি।

আজাদ মজমুদার বলেন, এরপর প্রধান উপদেষ্টা তার সম্মানে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছেন, সেখানে যোগদান করবেন আন্তোনিও গুতেরেস। পরদিন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।