২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

গভীর নিম্নচাপে ঝড়ো হাওয়ার আভাস, বন্দরে সংকেত বহাল

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 06:33 PM

Updated : 23 Sep 2026, 06:33 PM

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিম্নচাপের ফলে উপকূল অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী এবং রংপুর বিভাগে এর কিছুটা প্রভাব পড়তে পারে।’’

সাগরে সৃষ্ট লঘুচাপটি সোমবার রাতে নিম্নচাপে রূপ নেয়। সেদিন দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখা বলা হয়। মঙ্গলবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার তথ্য দিয়ে সংকেত বহালের দেয় আবহাওয়া অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ৯৪০ কিলোমিটার, কক্সবাজার বন্দর থেকে ৯২০ কিলোমিটার, মোংলা বন্দর থেকে ৭৫৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এদিন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

“এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।