প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
আবহাওয়া অধিদপ্তর বলেছে, ‘অতি প্রবল’ আকার নিয়ে এটি বুধবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিবাড় অর্ণব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
প্রবল ঘূর্ণিঝড়টি রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৯৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রবল ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় আকারে বুধবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
বুলেটিনে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
