২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সুসম্পর্ক আরও গভীর করার সুযোগ সৃষ্টি হয়েছে: ইইউ প্রতিনিধিদের রাষ্ট্রপতি

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 08:44 PM

Updated : 28 Sep 2026, 09:05 PM

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি বলেছেন, “এই অংশীদারত্ব বর্তমানে বহুমাত্রিক রূপ লাভ করেছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এ সুসম্পর্ক আরও গভীর করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”

বঙ্গভবনে সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইইউর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি তাদের এসব কথা বলেন বলে তথ্য বঙ্গভবনের।

বাংলাদেশে বর্তমান সুস্থ গণতান্ত্রিক পরিবেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগের বিস্তারিত তুলে ধরে রাষ্ট্রপতি এখানে ইইউকে বিনিয়োগ আরও বাড়ানোর কথা বলেন। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইইউ ও এর সদস্য দেশগুলোর অব্যাহত সহযোগিতা এবং অবদানের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ইইউর রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

বৈঠকে রাষ্ট্রপতি অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং আরও ইইউ সদস্য দেশকে ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানান।

এ সময় পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা। বাণিজ্য, সুশাসন, জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

রাষ্ট্রদূতরা বাংলাদেশ ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সমান সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগে অব্যাহত সম্পৃক্ততা ও সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইইউ এর অব্যাহত ও বর্ধিত মানবিক সহায়তা কামনা করেন। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তনের পরিবেশ তৈরিতে ইইউকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূতরাও তাদের সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর, অভিবাসন ব্যবস্থাপনা, শিক্ষা, সামুদ্রিক বিষয়াবলি এবং প্রযুক্তি হস্তান্তর বিষয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার ক্ষেত্রে মূল্যবোধ সমুন্নত রাখতে এবং বহুপাক্ষিক ফোরামগুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লৎস, ইতালির রাষ্ট্রদূত আন্তেনিও আলেসান্দ্রো, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইউরিছ ভান বোসেল, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিত্রু ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স উপস্থিত ছিলেন।

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও অবকাঠামো নির্মাণের সুযোগ কাজে লাগানোর জন্য বালাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গভবনে সোমবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি তাদের এ আহ্ববান জানান।

বঙ্গভবনের প্রেস উইং বলছে, প্রতিনিধি দল সৌদি আরবে ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪-কে কেন্দ্র করে সৃষ্ট উন্নয়ন, ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড, অবকাঠামো নির্মাণ ও প্রচুর দক্ষ জনশক্তি চাহিদার ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কার্যকর অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি এই বিপুল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে প্রতিনিধিদলকে পরামর্শ দেন এবং পূর্ণ সহযোগিতায় আশ্বাস দেন।

প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন এবং পরিচালকবৃন্দ− প্রীতি চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস, এ বি এম সিদ্দীক, সাজ্জাদ উন নেওয়াজ, জহিরুল মাহমুদ মামুন এবং শামসুল আলম লিটন।