২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবা গ্রেপ্তার

রাফা মনি কবিতাকে গেল বুধবার সন্ধ্যায় আছাড় মারেন বাবা কবির ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 04:32 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে প্রসিকিউশনের এসআই হেলাল উদ্দিন জানিয়েছেন। 

৭ মাস বয়সি রাফা মনি কবিতাকে গেল বুধবার সন্ধ্যায় আছাড় মারেন বাবা কবির ইসলাম। সাধারণ জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। 

পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

রাফা মনিকে আছড়ে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামির উপস্থিতিতে শুনানি দিন রেখেছেন এদিন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘ ধরে মাদকাসক্ত।

কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বুধবার বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার উপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। 

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়।

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যাবাবাকে গ্রেপ্তার দেখানোর আবেদন

মেয়েকে আছড়ে হত্যাপ্রতিবেদন দাখিল ১ সেপ্টেম্বর