১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: বাবাকে গ্রেপ্তার দেখানোর আবেদন

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ বিষয়ে আগামী মঙ্গলবার শুনানির দিন রেখেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 07:06 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামির উপস্থিতিতে এ বিষয়ে আগামী মঙ্গলবার শুনানির দিন রেখেছেন বলে তথ্য দেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন। 

স্ত্রী লিমা আক্তারের সঙ্গে ঝগড়া করে সাত মাস বয়সি রাফা মনি কবিতাকে বুধবার সন্ধ্যায় আছড়ে হত্যা করে তার বাবা কবির ইসলাম। এ সময় প্রতিবেশীরা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। 

ওইদিনই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কবিরকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

রাফা মনিকে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল পুলিশ।

নিহত রাফা মনি

নিহত রাফা মনি

মামলার বিবরণ অনুযায়ী, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। পেশায় রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবন করে প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। মেয়ে রাফা মনিকে নিয়ে বুধবার নিজের অসুস্থ্য বাবাকে দেখতে উত্তরার সিরাজমার্কেট এলাকার বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সেখানে সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। 

এ সময় কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজনরা। সেখানে বৃহস্পতিবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়।